
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সম্ভব নয়।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম অঞ্চলের আয়োজনে বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাওলাগঞ্জ বাজার মাঠে শাপলা চত্বরে গণহত্যার বিচার, জুলাই গণহত্যাসহ সকল হত্যাকান্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার , খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৭ বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।
জনসভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ব্রাহ্মণবাড়িয়া -০৬ আসনের বাঞ্ছারামপুর আসনে মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মজিদ মোল্লা । তিনি আগামী সংসদ নির্বাচনে রিক্সা মার্কায় ভোট প্রার্থনা করেন।
সংগঠনের উপজেলার শাখার সভাপতি মুফতি আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, জামায়াতে ইসলামীর অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লা আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান, জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, নরসিংদী জেলার সভাপতি মাওলানা আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী প্রমুখ।