
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারী সকল কর্মকর্তাদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় এই সভায় অংশ নেন বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় জোনায়েদ সাকি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে এই সরকার গঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা অনেক, পরিবর্তন দৃশ্যমান করার জন্য এখানে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্সসহ যেসব জায়গায় মানুষের প্রয়োজন রয়েছে, সেসব জায়গায় বড় এবং মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। আমাদেরকে জনগণের আশা পূরণ করতে হবে, পুরোনো কাঠামো ফেলে নতুন কাঠামো তৈরি করতে হবে। আমাদের এমনভাবে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের জীবনে পরিবর্তনগুলো টের পান।
তিনি বলেন, বাঞ্ছারামপুরের মানুষের কাছে আমাদের কিছু অঙ্গীকার ছিল, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সহযোগিতা আশা করছি।
জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা দিতে সকলকে সর্বোচ্চ চেষ্টা করার আহবান জানান।