
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারে অনুমোদনহীন, ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতাপগঞ্জ বাজারের বিভিন্ন শপিং মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামক দুটি কসমেটিকস প্রতিষ্ঠান বিএসটিআই-এর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিদেশি ও বিক্রয় নিষিদ্ধ মানহীন কসমেটিকস পণ্য বিক্রি করছে। এসব পণ্য সরকারি মানদণ্ড অনুসরণ না করে বাজারজাত করায় তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়।
এ অভিযোগে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত মানহীন ও নিষিদ্ধ পণ্য ধ্বংস করা হয়।
বিএসটিআই সূত্রে জানানো হয়, বাজারে ভেজাল ও মানহীন পণ্যের অবাধ বিক্রি রোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি ও প্রসিকিউশন কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রুত বিএসটিআই লাইসেন্স গ্রহণ ও বৈধ পণ্য বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল বিএসটিআই-এর এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।