
অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার
বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল
আলমগীর হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি (বন্দুক), দুইটি কার্তুজ ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আকানগর গ্রামের আব্দুল আজিজের বাড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করা হয়।
একপর্যায়ে সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি সাদা রঙের কার্তুজ এবং নম্বরবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত সিদ্দিকুর রহমান নবীনগর উপজেলার নূরজাহানপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে তার সহযোগী দুই যুবক—অমিত (২৩) ও লিমন (১৯)—পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশের দাবি, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।